7 Hard Truths for New Developers to Survive in Tech
বড় ভাই বা বন্ধু হিসেবে আজ আপনাকে ৭টি সত্যি কথা বলি।
১. সবকিছু মুখস্থ রাখার কোনো দরকার নেই সবাই ভাবে প্রোগ্রামারদের মাথার ভেতর পুরো ডিকশনারি সেভ করা থাকে। আসলে তা না! দুনিয়ার কোনো ডেভেলপার সব কোড, ফাংশন বা সিনট্যাক্স মুখস্থ রাখে না। আপনার আসল কাজ মুখস্থ করা নয়। আপনার কাজ হলো—গুগল (Google) বা এআই (AI) ঘেঁটে সঠিক উত্তরটা বের করতে পারা, লজিক্যালি চিন্তা করা, আর যখন কোনো কোড কাজ করবে না, তখন মাথা ঠান্ডা রেখে সমস্যাটা খুঁজে বের করা।
২. ‘কীভাবে শিখতে হয়’—আগে সেটা শিখুন কোডিং শেখা আর নতুন একটা ভাষা শেখা একদম এক। কেউ শুধু ভিডিও দেখে সাঁতার শিখতে পারে না, পানিতে নামতে হয়। তাই, দিনের পর দিন শুধু টিউটোরিয়াল দেখা বন্ধ করুন। এখন থেকে নিয়ম হলো—১ ঘণ্টা টিউটোরিয়াল দেখলে, ৪ ঘণ্টা নিজে কোড করবেন। নিজের হাতে প্রজেক্ট না বানালে আসল শেখাটা কখনোই হবে না।
৩. 'পারফেকশন' বা নিখুঁত হওয়ার ভূত মাথা থেকে নামান "একদম নিখুঁত না হলে কাউকে দেখাব না"—এই চিন্তাটা একটা মস্ত বড় ফাঁদ! শুরুতে আপনার কোড দেখতে জঘন্য হতে পারে, কোনো সমস্যা নেই। কাজ করে না এমন 'সুন্দর' কোডের চেয়ে, কাজ করে এমন 'অগোছালো' কোড হাজার গুণে ভালো। তাই বেশি ঘষামাজা বাদ দিয়ে প্রজেক্ট দাঁড় করানোতে ফোকাস করুন।
৪. "আমি এখনো পুরোপুরি রেডি না"—এই জাদুকরী মুহূর্তের অপেক্ষা বাদ দিন আপনি ভাবছেন, "আরেকটু শিখে নিই, তারপর জবে অ্যাপ্লাই করব বা ক্লায়েন্টের কাজ নেব।" সত্যি কথাটা শুনবেন? ওই "আমি রেডি" ফিলিংটা জীবনেও আসবে না। ভয় লাগছে? লাগুক। ওই ভয় নিয়েই কাজ শুরু করে দিন। অগোছালোভাবেই শুরু করুন, কিন্তু কাজটা ডেলিভারি দিন। আত্মবিশ্বাস কাজ শুরু করার আগে আসে না, কাজ শেষ করার পরে আসে।
৫. কোডিং মানে টাইপ করা নয়, সমস্যা সমাধান করা কত দ্রুত কিবোর্ডে টাইপ করতে পারেন, সেটা দিয়ে ডেভেলপার মাপা হয় না। আসল খেলাটা হলো আপনার চিন্তাশক্তিতে। একটা নতুন ফিচারের কথা বললে আপনি সেটা কীভাবে ভেঙে ভেঙে চিন্তা করতে পারেন? এরর (Error) বা বাগ (Bug) আসবেই, এটা কোডিংয়েরই অংশ। ডিবাগ করা মানে আপনি আটকে যাননি, আপনি সমাধানের প্রসেসের মধ্যেই আছেন।
৬. আপনার কোড নিয়ে দিনশেষে কেউ মাথা ঘামায় না একটু খারাপ লাগলেও সত্যিটা হলো—আপনার কোডের ভেতরে কত সুন্দর করে ভেরিয়েবল লেখা, তা ক্লায়েন্ট বা ইউজার দেখবে না। তারা দেখবে সফটওয়্যারটা ঠিকমতো চলছে কি না, আর তাদের সমস্যার সমাধান হচ্ছে কি না। তাই, এমন কোড লিখুন যা দিনশেষে একটা আউটপুট দেয় আর মানুষের কাজে লাগে। রেজাল্টটাই এখানে আসল।
৭. নিজের এনার্জি বাঁচিয়ে রাখুন, রোবট হবেন না টানা রাত জেগে কোড করাটাকে খুব কুল (cool) মনে হতে পারে, কিন্তু এটা আপনার ক্যারিয়ার শেষ করে দিতে পারে (যাকে আমরা বার্নআউট বলি)। আপনি মানুষ, কোনো মেশিন নন। ঠিকমতো ঘুমান, ভালো খান, একটু হাঁটাহাঁটি করুন। কাজের ফাঁকে গেম খেলুন, বন্ধুদের সাথে আড্ডা দিন। এই টেক লাইফটা কোনো ১০০ মিটারের দৌড় না, এটা একটা ম্যারাথন। টিকে থাকতে হলে নিজের শরীরের যত্ন নিতেই হবে।
চা তো শেষ। এবার নিজের ওপর সন্দেহ করা বন্ধ করুন। ব্রাউজারের ওই বাড়তি টিউটোরিয়ালের ট্যাবটা কেটে দিন। এডিটর ওপেন করুন আর আজই নতুন কিছু বানান। আপনার জন্য অনেক শুভকামনা!
আমার লেখাটি এই ভিডিও থেকে নেয়া